ঐশ্বরিয়া রায় বচ্চনকে ছাড়া নতুন লো'রিয়েল প্যারিসের কান চলচ্চিত্র উৎসবের প্রচারণা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলেছেন, কানের সবচেয়ে পরিচিত ভারতীয় মুখগুলোর একজন হওয়া সত্ত্বেও কেন এই প্রচারণায় রাখা হয়নি ঐশ্বরিয়াকে।
২০২৬ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালকে সামনে রেখে ১০ মে প্রকাশিত ভিডিওটিতে কানের একটি হোটেল ভবনের গায়ে বিশাল প্রচারণামূলক পোস্টার লাগানোর দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় আলিয়া ভাট, ভায়োলা ডেভিস, ইভা লনগোরিয়া এবং হেলেন মিরেনের মতো তারকাদের।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল- অ্যান্ড অ্যাকশন! কানের সবচেয়ে আইকনিক ভবনটি উৎসবের সাজে সেজে উঠছে।
ভিডিওটি প্রকাশের পরপরই ইনস্টাগ্রাম ও এক্সে ভক্তরা মন্তব্য করতে শুরু করেন— ঐশ্বরিয়া কোথায়?
অনেকের মতে, ঐশ্বরিয়ার দীর্ঘদিনের সম্পর্ক ও উপস্থিতির কথা বিবেচনায় নিলে তার অনুপস্থিতি বেশ বিস্ময়কর। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি লো'রিয়েল প্যারিসের প্রতিনিধিত্ব করে আসছেন। ২০০৩ সালে তিনি ব্র্যান্ডটির বৈশ্বিক শুভেচ্ছাদূত হন এবং এরপর থেকে ২০টির বেশি বার কান উৎসবে অংশ নিয়েছেন। বছরের পর বছর ধরে তিনি কানের লাল গালিচার অন্যতম আলোচিত ও সবচেয়ে বেশি আলোকচিত্রীদের নজর কাড়া ভারতীয় তারকায় পরিণত হয়েছেন। ফলে নতুন প্রচারণায় তার অনুপস্থিতি সহজেই ভক্তদের চোখে পড়ে।
অন্যদিকে নতুন প্রচারণায় বিশেষভাবে জায়গা পেয়েছেন আলিয়া। এই অভিনেত্রী টানা দ্বিতীয়বারের মতো ব্র্যান্ডটির বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কানে অংশ নিচ্ছেন। প্রচারণায় তার দৃশ্যমান উপস্থিতির কারণে অনলাইনে তুলনাও শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, ব্র্যান্ডটি হয়ত ধীরে ধীরে অপেক্ষাকৃত তরুণ শুভেচ্ছাদূতদের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
পরবর্তীতে লো'রিয়েল প্যারিস এক বিবৃতিতে জানায়, এ বছর কানে ভারতের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বরিয়া, আলিয়া এবং অদিতি রাও হায়দারি। যদিও এই ঘোষণার পর কিছুটা জল্পনা কমেছে, তবুও প্রথম প্রচারণামূলক ভিডিওতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি নিয়ে আলোচনা থামেনি।


